দীর্ঘদিনের কারিগরি বিধিনিষেধ ও নিবন্ধন স্থগিতকরণের পর আবারও সচল হয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’ (www.banglaedition.com)। রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পোর্টালটির ওপর থাকা সকল প্রকার কারিগরি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ডাটা ব্যবহার করেও এখন সাধারণ পাঠকরা ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারছেন।
এর আগে, কারিগরি বিধিনিষেধের কারণে মোবাইল অপারেটরের ডাটা সংযোগে বাংলা এডিশনের ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হয়নি। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইটটি দেখা যাচ্ছিল। বিটিআরসির এই সিদ্ধান্তের মাধ্যমে মোবাইল ডাটাতেও সাইটটি স্বাভাবিকভাবে পরিচালনা করার সুযোগ সৃষ্টি হয়েছে।
একই দিনে প্রতিষ্ঠানটির মূল ফেসবুক পেজটিও পুনরায় চালু হয়েছে। গত ১৬ জুন থেকে কারিগরি সমস্যার কারণে ফেসবুক পেজটি বন্ধ ছিল। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর রোববার পেজটি খুলে দেওয়া হয়। এর মাধ্যমে ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হলো।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে বাংলা এডিশনের নিবন্ধন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নিবন্ধন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানায় পোর্টালটি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ আগস্ট তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত ঘোষণা করে।
তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পুনর্বহাল এবং বিটিআরসির কারিগরি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এবার ওয়েবসাইট ও ফেসবুক পেজ—দুই প্ল্যাটফর্মেই পূর্ণাঙ্গভাবে সংবাদ কার্যক্রমে ফিরে এসেছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশন।