মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নাম, লোগো এবং দাপ্তরিক পরিচয় ব্যবহার করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালিত হচ্ছে। এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আগামী সাত দিনের মধ্যে এই ধরনের পেজ ও গ্রুপ বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গত রোববার (৪ অক্টোবর) মাউশির পক্ষ থেকে প্রকাশিত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ মাউশির নাম, পরিচিতি, লোগো বা প্রতীক ব্যবহার করে অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা করছেন। এসব প্ল্যাটফর্মে দাপ্তরিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্যের পাশাপাশি অশালীন, মানহানিকর ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশ করা হচ্ছে।
কর্তৃপক্ষ মনে করছে, এই ধরনের কর্মকাণ্ডের ফলে শিক্ষক-কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং মাউশির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
মাউশি স্পষ্ট করে জানিয়েছে, ‘ Directorate of Secondary and Higher Education - DSHE ’ নামে তাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে। এর বাইরে মাউশির নামে পরিচালিত অন্য কোনো ফেসবুক পেজ বা গ্রুপ অনুমোদিত নয়।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে মাউশির নাম, লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহারকারী ভুয়া পেজ ও গ্রুপের সব কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যথায় কোনো অতিরিক্ত সতর্কীকরণ ছাড়াই প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।