পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকায় নেমে এসেছে দ্বিগুণ শোক। একদিনের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে স্থানীয়রা হতবাক। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলম আরা খান।

আলম আরা খান প্রয়াত অ্যাডভোকেট আশরাফ আলী খানের স্ত্রী এবং প্রয়াত মুশফিকুর রহমান খান মামুনের মা। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোররাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তার ছেলে মুশফিকুর রহমান খান মামুন। ছেলের আকস্মিক মৃত্যুর পর শোকে ভেঙে পড়েন আলম আরা খান। এরপরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

আলম আরা খান গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা প্রয়াত চিকিৎসক মোয়াজ্জেম হোসেন খানের চতুর্থ কন্যা ছিলেন। তার ও ছেলের মৃত্যুতে আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।