বাংলাদেশ ব্যাংক দেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের সীমা বাড়িয়েছে। আগের নিয়মে এই সীমা ছিল বার্ষিক ১২ হাজার মার্কিন ডলার, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ডলারে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে তা পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কোনো পঞ্জিকাবর্ষে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) কোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন। তবে এই অর্থের মধ্যে প্রতিটি ভ্রমণে সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদে এবং বাকি অংশ কার্ডের মাধ্যমে খরচ করার সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা মেটানো ও আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, ভ্রমণ কোটার সীমা বাড়ানোর ফলে বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ আরও সহজ হবে। এর ফলে পর্যটন, আত্মীয়স্বজনের সাথে দেখা করা এবং অন্যান্য অনুমোদিত বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নাগরিকরা বাড়তি সুবিধা পাবেন।
এছাড়া, ১২ বছরের কম বয়সীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। অর্থাৎ, তাদের জন্য বার্ষিক ১২ হাজার ডলারের সীমা প্রযোজ্য হবে। অন্যদিকে, প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার অর্ধেক বা ৫০ শতাংশ ব্যয় করার অনুমতি রয়েছে।