ইতালির রোমের বিশ্ববিখ্যাত ট্রেভি ঝরনায় কয়েন ছোড়ার দীর্ঘদিনের জনপ্রিয় রীতিতে এখন ভাটা পড়েছে। পর্যটকদের বিশ্বাস, ঝরনার সামনে দাঁড়িয়ে পেছন ফিরে ডান হাতে কয়েন নিয়ে বাঁ কাঁধের ওপর দিয়ে ছুড়ে ফেললে আবারও রোমে ফিরে আসা সম্ভব। অনেকে মনে করেন, এভাবে কয়েন ছুড়লে মনের ইচ্ছা পূরণ হয়। তবে সম্প্রতি ঝরনার কাছে যাওয়ার জন্য দুই ইউরো প্রবেশমূল্য চালুর পর পর্যটকদের কয়েন ছোড়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে চরম সংকটে পড়েছে একটি স্থানীয় দাতব্য সংস্থা।
রোমের দাতব্য সংস্থা কারিতাস নিয়মিতভাবে এই ঝরনা থেকে কয়েন সংগ্রহ করে। সংগৃহীত সেই অর্থ দিয়ে তারা অসহায়দের খাদ্যসহায়তা প্রদান এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। সাধারণত এই সংস্থাটি বছরে ১৪ লাখ ইউরোর বেশি অর্থ সংগ্রহ করে থাকে। তবে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় তাদের সংগ্রহের পরিমাণ প্রায় দুই লাখ ইউরো কমেছে।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহাসিক এই স্থাপনাটির রক্ষণাবেক্ষণ, শহরের অন্যান্য স্মৃতিস্তম্ভের জন্য অর্থ সংগ্রহ এবং পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যেই গত ফেব্রুয়ারি থেকে জলাধারের কাছে যাওয়ার জন্য দুই ইউরো প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে।
কারিতাস রোমের পরিচালক জিউস্তিনো ত্রিনচিয়া ইতালির সংবাদমাধ্যম ইল মেসাজ্জেরোকে বলেন, “ঝরনার কাছে সরাসরি যাওয়ার পথ বন্ধ করে দেওয়ার কারণে কয়েন সংগ্রহ কমে থাকতে পারে।” তবে তিনি আরও উল্লেখ করেন যে, এটিই একমাত্র কারণ নয়; বর্তমানে নগদ অর্থের বদলে কার্ড এবং মুঠোফোনে লেনদেনের প্রবণতা বাড়ায় পর্যটকদের কাছে খুচরা কয়েনের অভাব দেখা দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে আসা পর্যটক এরিক ও প্যাটি জানান, তাঁদের কয়েন ছোড়ার ইচ্ছা থাকলেও সঙ্গে খুচরা পয়সা ছিল না। পাশাপাশি শুধু কয়েন ছোড়ার জন্য দুই ইউরো খরচ করে ঝরনার কাছে যাওয়ার আগ্রহও তাঁদের হয়নি। দূর থেকেই ঝরনার সৌন্দর্য উপভোগ করে তাঁরা সন্তুষ্ট ছিলেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়া থেকে আসা অ্যালান ও ইং প্রবেশমূল্য দিয়ে ঝরনার কাছে গেলেও কয়েন ছোড়েননি। তাঁরা জানান, কয়েন ছোড়ার রীতির কথা জানলেও আশপাশে অন্য কাউকে তেমনটি করতে দেখেননি বলে তাঁরা উৎসাহ পাননি।
কারিতাসের একজন মুখপাত্র দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, চলতি বছরের সংগ্রহের হিসাবে বিদেশি মুদ্রা এখনও অন্তর্ভুক্ত করা হয়নি, তাই প্রকৃত ঘাটতির পরিমাণ কিছুটা কম হতে পারে। তবে এই বিষয় নিয়ে রোম নগর কর্তৃপক্ষের সঙ্গে সংস্থাটির মতবিরোধ তৈরি হয়েছে। কারণ, প্রবেশমূল্য চালুর প্রথম মাসেই নগর কর্তৃপক্ষ ৪ লাখ ৩৫ হাজার ১৯৪ ইউরো আয় করেছে।
২০২৫ সালে প্রায় ৪৪ লাখ পর্যটক ট্রেভি ঝরনা দেখতে গিয়েছিলেন। এত বিপুলসংখ্যক মানুষের ভিড় সামলানোই ছিল প্রবেশমূল্য চালুর অন্যতম প্রধান কারণ। বর্তমানে ঝরনার কাছে পর্যটকদের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছেন কর্মীরা। তাঁদের একজন নিকোলাস রোমেরো জানান, অনেক পর্যটক কয়েন ছোড়ার জন্য তাঁর কাছে খুচরা পয়সা চান, আবার অনেকে এই ঐতিহ্য সম্পর্কে একেবারেই অবগত নন।
ধারণা করা হয়, প্রাচীনকালে জলদেবতাদের উপহার দেওয়ার প্রথা থেকেই ট্রেভি ঝরনায় কয়েন ছোড়ার এই রীতির উৎপত্তি। তবে ১৯৫৪ সালে মুক্তি পাওয়া হলিউডের রোমান্টিক চলচ্চিত্র ‘থ্রি কয়েনস ইন দ্য ফাউন্টেন’ এই প্রথাটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে।