গ্রিসের রাজধানী এথেন্সের অদূরে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে বার্ষিক বিমান প্রদর্শনী চলাকালে বিমানবাহিনীর একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা এএনএ এই খবর জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হলো, তা এখনো স্পষ্ট নয়। বিমানের ভেতরে থাকা দুই পাইলটের ভাগ্যে কী ঘটেছে, তা-ও জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত সরকারি সম্প্রচারমাধ্যম ইআরটির একজন সাংবাদিক জানান, উড্ডয়নের পরপরই হঠাৎ উচ্চতা হারিয়ে যুদ্ধবিমানটি নিচের দিকে নেমে যায় এবং বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই সেখানে একটি বিস্ফোরণ ঘটে। বার্ষিক ‘এথেন্স ফ্লাইং উইক’ বিমান প্রদর্শনী দেখতে আসা হাজারো দর্শকের সামনেই এই দুর্ঘটনা ঘটে।

ইআরটি জানিয়েছে, দুর্ঘটনার কারণে ছড়িয়ে পড়া আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। এদিকে, দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য প্রতিরক্ষামন্ত্রী নিকোস ডেনডিয়াস থেসালোনিকি আন্তর্জাতিক মেলায় যাওয়ার পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন।