ভারতের ছত্রিশগড়ের ঝিরাম উপত্যকায় ২০১৩ সালে কংগ্রেস নেতাদের গাড়িবহরে হামলা চালিয়ে ২৯ জনকে হত্যার ঘটনায় ১০ জনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। আজ শনিবার রাজ্যের বস্তার অঞ্চলের একটি বিশেষ জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) আদালত এ রায় দেন।
ভয়াবহ ওই হামলায় রাজ্য কংগ্রেসের তৎকালীন শীর্ষ সারির প্রায় পুরো নেতৃত্বই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ঝিরাম উপত্যকার এই হামলাকে বামপন্থী সহিংসতার অন্যতম ভয়ংকর ঘটনা হিসেবে বিবেচনা করে নিরাপত্তা বাহিনী।
ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালের ২৫ মে। ওই দিন বস্তার জেলার দরভা থানার অন্তর্গত ঝিরাম উপত্যকার একটি জাতীয় মহাসড়কে কংগ্রেস নেতাদের গাড়িবহরে অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা।
কংগ্রেস নেতারা একটি ‘পরিবর্তন র্যালি’ (সমাবেশ) শেষে ফেরার পথে এই হামলার শিকার হন।
নিহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তৎকালীন রাজ্য কংগ্রেস প্রধান নন্দ কুমার প্যাটেল, তাঁর ছেলে দীনেশ, বিধানসভার সাবেক বিরোধীদলীয় নেতা মহেন্দ্র কর্মা, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা এবং সাবেক বিধায়ক উদয় মুদলিয়ার। এ ছাড়া বেশ কয়েকজন সাধারণ নাগরিক ও নিরাপত্তাকর্মীও নিহত হয়েছিলেন।
জগদলপুরের এনআইএ বিশেষ আদালতের বিচারক অভয় সিং রাজপুত ২ নারীসহ ১০ আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে। ১৬ সেপ্টেম্বর তাঁদের সাজা ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
শুরুতে বস্তার পুলিশ এই মামলা করেছিল। তবে হামলার ভয়াবহতা বিবেচনা করে পরে তদন্তের ভার এনআইএর হাতে তুলে দেওয়া হয়।
২০১৪ সালের সেপ্টেম্বরে জগদলপুরের বিশেষ আদালতে নিজেদের অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় এনআইএ। এরপর গত কয়েক বছরে তারা ১০১ জন সাক্ষীকে আদালতে হাজির করেছে।
এনআইএ ছাড়াও এই হামলার তদন্তের জন্য দুটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছিল।