রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রাজধানী কিয়েভে আগামী তিন দিনের জন্য রুশ সেনাবাহিনীর হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের কিয়েভ সফরের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ শনিবার ক্রেমলিন জানিয়েছে।

মার্কিন বিশেষ প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ মস্কো থেকে কিয়েভে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। এ সময় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ও প্রধান সেনাপতি...আজ মধ্যরাত থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।’

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ঘোষণা করে যে, তাদের বাহিনী চোরনোমোরস্ক বন্দরে দুটি বাল্ক ক্যারিয়ার এবং একটি পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে। একই সময়ে ওডেসার নিকটবর্তী আরেকটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়। দেশটির ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা এই ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের দাবি, আক্রান্ত জাহাজগুলোতে ইউক্রেনীয় বাহিনীর জন্য সামরিক রসদ ও সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল। তবে রাশিয়ার এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।