কুড়িগ্রামের চরাঞ্চলের শিক্ষার্থীদের মেধা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে মুক্তকণ্ঠ চর আলোর পাঠশালায় অনুষ্ঠিত হলো মাসিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও অভিনয়সহ নানা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত সবার প্রশংসা অর্জন করে। সুবিধাবঞ্চিত চরের ছোট শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও আত্মবিশ্বাস গোটা আয়োজনে যোগ করে ভিন্ন মাত্রা। সাংস্কৃতিক পরিবেশনা শেষে মাসিক শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক বলেন, ' শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য যথেষ্ট নয়। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে। তাই নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।'