নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের গলার স্বর্ণচেইন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে এবং এর সিসিটিভি ফুটেজ ধারণ করা হয়েছে। বিষয়টি জানিয়ে ভুক্তভোগী শিক্ষক কৃষ্ণা রানী চৌধুরী শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার বাসিন্দা শিক্ষক সঞ্জিত কুমার দের সহধর্মিণী কৃষ্ণা রানী ৩৮ নম্বর এলএল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার বিদ্যালয়ের ছুটির পর তিনি ভ্যানযোগে বাড়ি ফেরেন। বাড়িতে প্রবেশের সময় পেছন থেকে এক ব্যক্তি এসে তার গলার স্বর্ণচেইন টানতে থাকে। প্রাথমিকভাবে ব্যর্থ হলেও পরে জোর করে চেইনটি ছিঁড়ে নিয়ে যায় ছিনতাইকারী। এ সময় তার হাতে থাকা একটি ছোট পার্টস ব্যাগও ছিনিয়ে নেওয়া হয়, যার মধ্যে নগদ আট হাজার টাকা ছিল।

কৃষ্ণা রানী জানান, ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনটির ওজন এক ভরি দুই আনা এবং এর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিক্ষিকা বাড়িতে ঢোকানোর সময় এক ব্যক্তি পেছন থেকে তার কাছে আসে এবং চেইন টেনে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত চেইনটি ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সে। কিছুটা দূরে অপেক্ষমাণ আরেক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল, যাতে করে তারা পালিয়ে যায়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজও যাচাই করা হচ্ছে। ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করা সম্ভব হলে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।