কুমিল্লা নগরীর কালিয়াজুড়ী এলাকার এক গৃহবধূ প্রবাসী প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ১৮ বছরের দীর্ঘ দাম্পত্যজীবনের ইতি টেনে তিনি ঘরে থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে অদৃশ্য হয়েছেন। এ ঘটনায় স্ত্রী ও শাশুড়িসহ অন্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন স্বামী আবদুস সালাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এই অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত নারীর নাম শাহিনুর বেগম। তিনি ব্যবসায়ী আবদুস সালামের স্ত্রী এবং তাদের ১৩ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

থানায় দায়ের করা অভিযোগে জানানো হয়, ২০০৭ সালে শাহিনুর বেগম ও আবদুস সালামের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার প্রবাসে থাকা মো. সাহিব নামের এক যুবকের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বিষয়টি পরিবারের সদস্যরা জানালে শাহিনুর স্বামী ও সন্তানকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এরপর গত ৩১ আগস্ট বিকেলে স্বামী বাইরে থাকার সুযোগ নেওয়ায় তিনি ১ লাখ ৭০ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। অভিযোগে শাহিনুরের মা আলেয়া বেগমকেও প্ররোচনার জন্য দায়ী করা হয়েছে।

অভিযোগকারী আবদুস সালাম বলেন, "১৮ বছর একসঙ্গে সংসার করেছি, এভাবে চলে যাবে ভাবিনি। তবে ১৩ বছরের অবুঝ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আজও চাই সে ভুল বুঝতে পেরে ফিরে আসুক। ফিরে এলে আমি তাকে মেনে নিতে প্রস্তুত।"

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, "পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"