সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস পার হতেই বিরোধীদের রোডমার্চ ও লংমার্চের মতো কর্মসূচি পালনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি স্পষ্ট করে বলেন, "আমরা ফটোসেশনের রাজনীতি বা ফটোশপ করি না, আমরা বাস্তবে কাজ করতে চাই।"

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ সংলগ্ন খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের উদ্যোগে ওই পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

পানিসম্পদমন্ত্রী উল্লেখ করেন, সরকার মাত্র ছয় মাস আগে কাজ শুরু করেছে এবং এরই মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের বিশাল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এত বড় প্রকল্পের কাজ মাত্র ছয় মাসে শেষ করা সম্ভব নয় বলে তিনি জানান। বিরোধী দলের কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, "৬ মাসের মাথায় আজকে উনারা কী রোডমার্চ আর লংমার্চ করবেন? ২০ হাজার কিলোমিটার খাল কি খনন হয়ে গেছে? বলার সুযোগ আছে?"

লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে পর্যায়ক্রমে খাল পরিষ্কারের কাজ চালানো হবে জানিয়ে এ্যানি বলেন, এ বিষয়ে পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে এক থেকে দুই দিন করে কাজ করলে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পুরো কার্যক্রম শেষ করা সম্ভব হবে।

২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির বিষয়ে মন্ত্রী বলেন, "আমরা স্বপ্নের মধ্যে থাকতে চাই না। এই স্বপ্নকে প্রতিষ্ঠিত করতে চাই, বাস্তবায়ন করতে চাই।"

ইতিমধ্যে খাল খননের কাজ শুরু হয়েছে এবং সাধারণ মানুষ এর সুফল পেতে শুরু করেছে বলে দাবি করেন তিনি। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনার কথা উল্লেখ করে এ্যানি বলেন, তার দূরদর্শী চিন্তা থেকেই ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি নেওয়া হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান নতুন স্বপ্ন দেখাচ্ছেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই গত ছয় মাস ধরে কাজ শুরু হয়েছে।

পরিচ্ছন্নতা কর্মসূচিতে জেলা বিএনপির সদস্যসচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপির সদস্য ও বাফুফের সহসভাপতি ওয়াহিউদ্দিন চৌধুরী হ্যাপি, যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, সভাপতি মাহবুবুল আলম মামুন, স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট সালমান হায়দার রাশেদ, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামানও সেখানে উপস্থিত ছিলেন।