এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের টানা দুই পরাজয়ের পর ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ লড়াইয়ের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রধান কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে সরিয়েছে। সংস্থাটি ইংলিশ কোচের সাথে স্বাক্ষরিত চুক্তিও বাতিল করেছে বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তবে এই সিদ্ধান্তের পেছনের কারণ উল্লেখ করা হয়নি।

উজবেকিস্তানে অনুষ্ঠিত বাছাইপর্বের ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচে আয়োজকদের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। এরপর সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হয় জোন্সের দল। দুই ম্যাচে পাঁচ গোল হজম করেও কোনো গোল না করতে পারায় মূল পর্বে স্থান নিশ্চিত করার সম্ভাবনা প্রায় শূন্য হয়ে গেছে।

রোববার ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলের নেতৃত্ব দেবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু। তিনি অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

জোন্সের বরখাস্ত নিয়ে আগেও বিভিন্ন গুজব ছড়িয়েছিল। উজবেকিস্তানে দলের যাত্রার ঠিক আগের দিন গত ২৫ আগস্ট তাকে দায়িত্বচ্যুত করার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় একটি ভিডিও বার্তায় জোন্স সেই খবরকে ‘ভুয়া’ বলে অস্বীকার করেন এবং বাফুফে তাকে দায়িত্বে রাখার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানান।

এর আগে বেতন বিলম্ব এবং নিজের নিরাপত্তা নিয়ে প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন ইংলিশ কোচ। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তার সেই বক্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছিলেন। নানা বিতর্কের মাঝেও উজবেকিস্তানে গিয়ে প্রথম দুই ম্যাচে দায়িত্ব পালন করেন জোন্স। তবে এবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে তার সাথে সম্পর্কের ইতি টানল দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি.