পটুয়াখালীর কলাপাড়ায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা এবং আহতদের উদ্ধার করেন। এরপর গুরুতর আহত ছয়জনকে স্থানীয় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রাতে ‘আইকনিক পরিবহন’-এর একটি বাস ঢাকা থেকে ২০-২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সকালে বাসটি খলিলপুর এলাকায় পৌঁছানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের অগভীর পুকুরে ধাক্কা খায়। বাসে থাকা যাত্রীরা মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী, যারা কুয়াকাটা ভ্রমণের জন্য বাসটি রিজার্ভ করেছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় চালক ও হেলপার ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। তিনি বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।