রাজধানীর ডেমরার কামারভোগ এলাকায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা রনি (২৬) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে। গণপিটুনিতে আহত রনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। উভয়েই কামারভোগ এলাকার বাসিন্দা।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার আজ শুক্রবার মুক্তকণ্ঠকে জানান, রনির বিরুদ্ধে মাদকাসক্তি ও মাদক বিক্রির অভিযোগ রয়েছে। দেলোয়ার ও রনি একে অন্যকে চেনেন। দেলোয়ার ব্যাটারিচালিত রিকশার চালক ছিলেন। তিনি রনির কাছে দেড় শ টাকা পেতেন। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার জের ধরেই রনি দেলোয়ারের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেন।
স্থানীয়রা ঘটনার সময় রনিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।