কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়ায় মৌচাক-জামালাপুর আঞ্চলিক সড়কে যানচলাচল বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। গত ২৩ জুলাই রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত ব্যবসায়ী আজিবর রহমানের মৃত্যুতে এবং মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে সড়কটি অবরুদ্ধ থাকে।

মামলা ও তদন্ত সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে কালিয়াকৈর উপজেলার ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে ঠাকুরপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী আজিবর রহমান। পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে কেপিজে বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগস্ট তিনি মারা যান। এরপর নিহতের স্ত্রী নাসরিন আক্তার কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশের পর মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয়রা বলেন, "একজন ভালো মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। মামলা হয়েছে, আসামিরা চিহ্নিত। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। আসামিরা গ্রেপ্তার না হওয়া রহস্যজনক। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে হবে। এই সন্ত্রাসীদের কারণে ৪টি পরিবার ধ্বংস হয়েছে।"

নিহতের স্ত্রী নাসরিন আক্তার বলেন, "আমার স্বামীকে তারা মেরে ফেলেছে। কিন্তু কেন হত্যা করল সেটিও জানতে পারলাম না। শুনেছি আসামিরা এখনও এলাকাতে আছে। তবুও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। আমরা আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।"

বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, "আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।"