ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর হামলায় খায়রুল ইসলাম পলাশ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আউড়া গ্রামে লিজার পিত্রবাড়িতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, পেশায় ওষুধ ব্যবসায়ী পলাশের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানিপুর গ্রামে। কিছুদিন আগে তিনি দ্বিতীয় স্ত্রী লিজার বাড়িতে গিয়ে বসবাস শুরু করেন এবং সেখানে একটি ফার্মেসি পরিচালনা করছিলেন।
স্থানীয়দের অভিযোগ, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পলাশ ও লিজার মধ্যে বেশ কয়েক দিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক খায়রুল ইসলাম পলাশকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. নাছের রায়হান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ লিজাকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।