শরীয়তপুর সদর উপজেলার শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নুর হোটেল ইন্টারন্যাশনালের ছয়তলা ভবনে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হওয়ার পাশাপাশি হোটেলের নিচতলার পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে যায়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় হোটেলের নিচতলার পার্কিংয়ের একটি প্রাইভেটকার থেকে। প্রথমে গাড়িটির চাকায় বিস্ফোরণ ঘটে। এরপর ভেতরে থাকা সিলিন্ডার বিকট শব্দে ফেটে পড়লে মুহূর্তের মধ্যে আগুন পার্কিং এলাকা থেকে পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সময় হোটেল ভবনে মোট ১৭ জন মানুষ ছিলেন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় তারা নিরাপদ আশ্রয়ের জন্য ভবনের ছাদে আশ্রয় নেন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ২০ মিনিটের তৎপর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময়ে ছাদে আটকে থাকা ১৭ জনকেও নিরাপদে উদ্ধার করা হয়।
আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী আলিম কাজী বলেন, "নিচের পার্কিংয়ে থাকা গাড়িটি থেকে যেকোনোভাবে আগুনের সূত্রপাত। প্রথমে চাকা বিস্ফোরিত হলে তখন আমরা দূরে সরে যাই। তার কিছুক্ষণ পরে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হলে পুরা বিল্ডিং কেঁপে উঠে। আর তখনই পুরা বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় উপরে কিছু মানুষ আটকা পড়ছিল, তারা উপরের দরজা ভেঙে ছাদে চলে যান। পড়ে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে।"
পালং মডেল থানার উপ-পরিদর্শক সুধাংশু সরকার বলেন, "আমরা আগুন লাগার খবর পেয়ে এসে দেখি ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। পরে তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনে উপরে আটকে থাকা সবাইকে বের করে নিয়ে আসি। তবে এ সময় নিচে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।"
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, "আনুমানিক দেড়টার দিকে কল পেয়ে এখানে আসি। এসে দেখি হোটেলের নিচে যেখানে গাড়ি রাখা সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর এর রেশ প্রতিটি তলায় পৌঁছে যায়। আগুন বেশি থাকার কারণে আমরা উপরে পৌঁছাতে পারছিলাম না। পরে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে উপরে আটকে থাকা ১৭ জনকে উদ্ধার করি। এর মধ্যে পাঁচজন আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"
অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।