ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টাকালে বাংলাদেশসহ তিনটি দেশের প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। বুধবার উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকার সীমান্তে দুটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার পুলিশ এ তথ্য জানায়।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, আটক অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশি নাগরিকই সংখ্যাগরিষ্ঠ। প্রথম অভিযানে একটি দল থেকে মোট ৬৩ জনকে আটক করা হয়। এই দলে ছিলেন ২৩ জন বাংলাদেশি ও ৪০ জন পাকিস্তানি নাগরিক। একই এলাকা থেকে পরিচালিত দ্বিতীয় অভিযানে আটক হয় আরও ৩৩ জন। এই দলে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। তবে দ্বিতীয় দলে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন, তা সুনির্দিষ্টভাবে জানায়নি পুলিশ।

সীমান্তবর্তী সাভা নদী পার হতে অভিবাসনপ্রত্যাশীরা দুটি নৌকা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। দুটি নৌকাই জব্দ করা হয়েছে। এই পাচারচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে দুই মানব পাচারকারীকে শনাক্ত করেছে পুলিশ।

ইউরোপে প্রবেশের জন্য অবৈধ অভিবাসীরা নিয়মিত বলকান পথ ব্যবহার করেন। বলকান পথের ওপর অবস্থিত বিধায় বসনিয়াকে তারা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেন। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা ফ্রন্ট্যাক্সের তথ্যমতে, চলতি বছরের প্রথম সাত মাসে এই পথে ৪ হাজার ৯০০-এর বেশি অবৈধ সীমান্ত পারাপার নিবন্ধিত হয়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এবার অবৈধ পারাপার ২৬ শতাংশ কমেছে।