ভারতের কেন্দ্রীয় সরকারের ‘নেশামুক্ত ভারত’ কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্রায় দুই লাখ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। বিএসএফ ও পুলিশ এসব ফেনসিডিল জব্দ করেছিল। পরে রাস্তা তৈরির রোলার চালিয়ে বোতলগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

বালুরঘাটের পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে ফেনসিডিলের বোতলগুলো সাজিয়ে রাখা হয়। একপর্যায়ে একটি রোলারে উঠে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির সংসদ সদস্য এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেগুলোর ওপর দিয়ে রোলার চালান। এই দৃশ্য দেখতে স্থানীয় লোকজনের ভিড় জমে ওঠে সেখানে।

ফেনসিডিল ধ্বংসের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘নেশামুক্ত ভারত’ গড়ার কর্মসূচিতে শামিল হয়ে তাঁরা দুই লাখ অবৈধ ফেনসিডিল ধ্বংস করেছেন। পশ্চিমবঙ্গের যুবসমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে তাঁর সরকার লড়াই চালিয়ে যাবে বলেও তিনি জানান।

নেশাজাতীয় সিরাপসহ অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বেআইনিভাবে রাখা সব নেশাজাতীয় পণ্য জব্দ করা হবে। রাজ্যজুড়ে মাদক বিক্রি বন্ধে সহযোগিতা করতে তিনি বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।

এ সময় সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়সহ দক্ষিণ দিনাজপুরের প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গুজরাট ও বিহারে রোলার চালিয়ে মদের বোতল ধ্বংসের ঘটনা ঘটেছে। আসামেও একইভাবে নেশাজাতীয় সিরাপ ধ্বংস করা হয়েছিল। এবার পশ্চিমবঙ্গেও একই পদ্ধতিতে ফেনসিডিল ধ্বংস করা হলো।