কলকাতায় চিকিৎসা বা অন্য কোনো কারণে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৩ মিনিটে কমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট কলকাতায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন নিরাপত্তা বিধিমালা জারি করে দুর্ঘটনাপ্রবণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিরাপত্তা মানদণ্ড পূরণ করে হোটেলগুলো পুনরায় চালু হতে মাসাধিক সময় লাগতে পারে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কলকাতা যাওয়া বাংলাদেশিদের যেন কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়তে না হয়, সেজন্য কমিশন নিম্নলিখিত নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে।
প্রথমত, কলকাতা পৌঁছানোর আগে যাত্রীরা অবশ্যই সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করবেন। পাশাপাশি হোটেলের বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা এবং অবস্থান সম্পর্কে সঠিক তথ্য নিয়েই ভ্রমণ শুরু করতে হবে। দ্বিতীয়ত, চিকিৎসার জন্য যাওয়া রোগীর সফরসঙ্গীদেরও কলকাতা আসার আগেই হোটেল বুকিং নিশ্চিত করতে হবে। তারা হোটেল কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের বৈধতা, হাসপাতাল থেকে হোটেলের দূরত্ব এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে আগাম নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উপহাইকমিশন স্পষ্ট করে দিয়েছে, আবাসনের সমস্যায় পড়তে না হলে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে কলকাতা ভ্রমণে যাওয়া উচিত নয়। স্থানীয় প্রশাসনের নতুন নিয়মকানুন মেনে চলতে এবং যাত্রীদের স্বার্থ রক্ষায় এই নির্দেশনা জারি করা হয়েছে।