সাভারের চামড়াশিল্প নগরীতে বিদ্যমান কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি সংস্কারে দ্বিগুণ খরচ লাগবে। তাই সেখানে নতুন একটি সিইটিপি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, বিশ্বমানের প্রতিষ্ঠানের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় এটি নির্মাণ করা হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘বাংলাদেশের চামড়া খাতের অগ্রগতি: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সংস্কার’ শীর্ষক নীতি সংলাপে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। অনুষ্ঠান আয়োজন করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সভাপতিত্ব করেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। এতে বক্তব্য দেন এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সাভারে স্থানান্তরের সিদ্ধান্তটি ছিল, কিন্তু প্রক্রিয়াটি ভালো ছিল না। সিইটিপির মাধ্যমে ২৫ হাজার কিউবিক মিটার বর্জ্য পরিশোধনের কথা থাকলেও ১৪ থেকে ১৫ হাজার কিউবিক মিটার বর্জ্য পরিশোধন করা যায়। কিন্তু এটা ঠিক করতে গেলে দ্বিগুণ খরচ লাগবে। ইতালির একটি প্রতিষ্ঠান থেকে আমরা সমীক্ষা করিয়েছি। চীন সরকার থেকেও একটি পুনর্গঠন পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই সেখানে নতুন একটি সিইটিপি করা হবে।’

সভায় সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘বর্তমান চামড়া খাত থেকে ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের রপ্তানি হচ্ছে। ২০৩০ সালের মধ্যে আমরা এটা পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই। সে জন্য আমাদের সহজ বন্ড–সুবিধা দেওয়া প্রয়োজন। এখানে আমাদের ব্যবসা করতে ২৩টি সনদ লাগে। কিন্তু ভিয়েতনামে লাগে মাত্র চারটি। ব্যবসা সহজ করতে হবে। আর সবার আগে সিইটিপি ঠিক করতে হবে।’ এই খাতে কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

এর আগে মূল প্রবন্ধে সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘আমাদের চামড়া রপ্তানির প্রায় ৪৬ শতাংশ চীনের বাজারের ওপর নির্ভরশীল। মোট রপ্তানির ৬৫ শতাংশই হয় কম মূল্যের চামড়া। তাই রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক সনদ, সমন্বিত উদ্যোগ ও অংশীদারত্ব প্রয়োজন।’

সভায় চামড়া খাতের উদ্যোক্তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আবেদিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সিইটিপি কার্যকর না হলে কোনো পরিকল্পনাই কাজে আসবে না। জেনিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসির খান বলেন, রাজনৈতিক কারণে এ খাতটি ধ্বংস করা হয়েছে। প্রতিবছর কেন লাইসেন্স নবায়ন করতে হবে?

এ খাতে কারিগরি কাজের জন্য বিদেশ থেকে দক্ষ লোকবল আনতে ভিসার ব্যবস্থা সহজ করার দাবি জানান আরেক ব্যবসায়ী ইবনুল ওয়ারা। আর তিন মাস ধরে বিল দিয়েও গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ করেন বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান।