সরকারি মালিকানাধীন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই দুই পদে যথাক্রমে মেহের সুলতানা ও কাজী আব্দুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহের সুলতানা। বর্তমানে তিনি কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর হাউস বিল্ডিং ফাইন্যান্সেই তার কর্মজীবন শুরু হয়।
অন্যদিকে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি পদে আসীন হচ্ছেন কাজী আব্দুর রহমান। তিনি বর্তমানে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত আছেন। রূপালী ব্যাংকে কর্মজীবন শুরু করে তিনি বিভিন্ন ধাপে পদোন্নতি লাভ করেন।
এছাড়াও, গতকাল বুধবার রাষ্ট্রমালিকানাধীন তিনটি ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সংশ্লিষ্ট ব্যাংকগুলো হলো—অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক ব্যাংক। সরকারি চিঠিতে জানানো হয়, অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম, বিডিবিএলের এমডি মো. জসীমউদ্দিন ও বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলে সরকার সম্মতি প্রদান করেছে।