গত মঙ্গলবার ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক ইসলামি বাণিজ্য অর্থায়ন সংস্থার (আইটিএফসি) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে কৌশলগত অংশীদারত্ব জোরদার এবং দেশের বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমানের নেতৃত্বে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ও নির্বাহী পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, আইটিএফসি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিব ইউসুফ আল-আমাহ্।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ৩০ আগস্ট পাঁচ দিনের সফরে ঢাকা পৌঁছানো আইটিএফসি প্রতিনিধিদলটি এই বৈঠকে অংশ নেয়। আলোচনার মূল বিষয়বস্তু ছিল আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়নের সুবিধা সম্প্রসারণ, আন্তঃসীমান্ত বাণিজ্যে অর্থায়নের পরিধি বৃদ্ধি এবং সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজা। বিশেষ করে বাণিজ্য অর্থায়ন, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়ন কর্মসূচি যৌথভাবে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে উভয় প্রতিষ্ঠান বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।