দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ভয়াবহ চিত্র এখন স্পষ্ট। ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি হয়ে পড়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডে অত্যন্ত উদ্বেগজনক। এই হারের ভিত্তিতে বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ হিসেবে শীর্ষস্থান দখল করেছে। তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে চাদ, ইকুয়েটোরিয়াল গিনি, আলজেরিয়া ও ঘানা। এর আগে এই তালিকার শীর্ষে ছিল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। তবে পুরোনো খেলাপি ঋণ অবলোপন, ঋণ আদায় এবং মানসম্মত নতুন ঋণ বিতরণের মাধ্যমে ইউক্রেন দ্রুত এই হার কমিয়ে আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং খাতের এই অবস্থা অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।