বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরোর সময়সীমা পিছিয়ে গেছে। এর পেছনে প্রধান কারণ হিসেবে দুটি সেফটি ভালভের কারিগরি ত্রুটি উঠে এসেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, গত ২৮ এপ্রিল জ্বালানি লোডিংয়ের আগে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়। চার থেকে ছয় মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্য রাখা হয়েছিল। বিভিন্ন ধাপের পরীক্ষা শেষে বর্তমানে ‘বি’ স্টেজ সম্পন্ন হলেও সেফটি ভালভের সমস্যার কারণে ‘সি’ স্টেজে যাওয়া যাচ্ছে না।

সেফটি ভালভের মেরামত ও কমিশনিংয়ের নির্দিষ্ট সময়সীমা জানতে চাইলে মন্ত্রী কোনো তারিখ দিতে পারেননি। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। সেফটি ভালভ কেন কাজ করছে না, সেটি নির্ধারণের জন্য রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসবে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর সমস্যার প্রকৃত কারণ জানা যাবে।

প্রকল্পের ডিজাইনারের মূল্যায়নে ভালভ দুটি পুরোপুরি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে দুটি বিকল্প বিবেচনা করা হচ্ছে। দ্বিতীয় ইউনিটের জন্য বরাদ্দ থাকা ভালভ প্রথম ইউনিটে স্থাপন বা রুশ ভেন্ডরকে দ্রুত নতুন ভালভ তৈরি ও সরবরাহের অনুরোধ করা। সময়োপযোগী ও দ্রুততম বিকল্পটিই বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে মোবাইল ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটার মূল্য ব্যবহার নিয়ে আলোচনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর আরও এক–দুই দিন তা ব্যবহারের সুযোগ দেওয়া যায় কি না, তা নিয়ে অপারেটরদের সঙ্গে কথা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা উপস্থিত ছিলেন।