হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকায় গতকাল বুধবার রাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে মিরপুর বাজারের একটি ইনডোর ফুটবল মাঠে বানিয়াগাঁও ও পশ্চিম জয়পুর এলাকার যুবকরা খেলা শুরু করেন। খেলার এক পর্যায়ে পৃথক এলাকার দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটির জেরে হাতাহাতি হয়। পরে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে মিরপুর বাজারে সমবেত হন। সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। অন্ধকারে ট্রাকের হেডলাইট ও টর্চলাইট জ্বালিয়ে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় দেশি অস্ত্র ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।
সংঘর্ষের তীব্রতায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সংঘর্ষের সময় একটি ট্রাকের চাপায় আরও একজন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের লোকজনের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা যায়নি।
স্থানীয় ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, "খেলা নিয়ে বিরোধ মাঠেই শেষ হওয়া উচিত ছিল। এভাবে প্রস্তুতি নিয়ে সংঘর্ষে জড়ানো এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর কোনোভাবেই ঠিক হয়নি।" তাঁসহ বেশ কিছু ব্যবসায়ী অভিযোগ করেন, সংঘর্ষের সময় মিরপুর বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে।
খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন বলেন, "ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"