দেশের বাজারে টানা তিন দফা মূল্য হ্রাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বর্ণের দাম উর্ধ্বমুখী হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর ঘোষণা অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি করা হয়েছে। সকাল ১০টা থেকে এই নতুন রেট কার্যকর হচ্ছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি সকাল ৯টায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে। নতুন রেট অনুসারে, ভ্যাটসহ উৎকৃষ্ট মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। যা গত বুধবার ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

অন্যান্য মানের স্বর্ণের ক্ষেত্রেও মূল্য পরিবর্তন এসেছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে রুপার বাজারেও। বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৪ হাজার ৯৫৭ টাকায়, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা.