জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি আহসান লাবিব। কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করায় এই দায়িত্ব তাকে অর্পণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের ৫ম সাধারণ সভায় জাহিদ আহসান পদত্যাগ করেন। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদ সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আহসান লাবিবকে সাময়িকভাবে সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে আহসান লাবিব মুক্তকণ্ঠকে বলেন, "জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। এ পরিপ্রেক্ষিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।আমরা অতি শিগগিরই কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব।"

এরপর থেকে তিনি কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে সংগঠনটি।