জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল ঢাকায় অবস্থিত নরওয়ের দূতাবাসে যায়। সেখানে দলটির পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়। দূতাবাসে তাদের অভ্যর্থনা জানান বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। অনুষ্ঠানে এনসিপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য নাভিদ নওরোজ শাহ ও আশরাফা খাতুন উপস্থিত ছিলেন।
এসময় আসিফ মাহমুদ নরওয়ের রানি সোনজা, রাজপরিবার ও দেশটির সাধারণ মানুষের প্রতি দলের আন্তরিক সহমর্মিতা ব্যক্ত করেন। তিনি বলেন, প্রয়াত রাজা পঞ্চম হারাল্ড নরওয়ের জনগণের প্রতি সেবা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও অন্তর্ভুক্তির প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
দূতাবাসে স্থাপিত শোকবইয়ে স্বাক্ষর করে শোক প্রকাশ করেন আসিফ মাহমুদ। শোকের এই কঠিন সময়ে নরওয়ের জনগণের প্রতি এনসিপির শ্রদ্ধা ও সংহতির কথা তুলে ধরেন তিনি।