জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদকক্ষে মোবাইল ফোন ব্যবহার বা কথা বলা থেকে বিরত থাকার জন্য সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনার সময় এই পরামর্শ দেন তিনি। নিয়ম অনুযায়ী, গৃহীত নয় এমন নোটিশদাতাদের দুই মিনিট করে বক্তব্যের সুযোগ দেওয়া হয়। এই পর্বটি সাধারণত ৩০ মিনিট স্থায়ী হয়। আজ মোট ৬১টি নোটিশের মধ্যে স্পিকার তিনটি গ্রহণ করেন।
শওকত আরা আক্তারের নির্ধারিত দুই মিনিট শেষ হওয়ার পরও কক্ষে কথা বলছিলেন নিপুন রায় চৌধুরী। বিষয়টি টের পেয়ে স্পিকার তার দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন, ‘মাননীয় সদস্য নিপুন রায় চৌধুরী, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, আপনার বক্তব্য এখনো শেষ হয় নাই। কাছেই লবি আছে, সেখানে গিয়ে শেষ করে আসুন।’
এরপর সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। কাছেই তো লবি আছে, সেখানে গিয়ে শেষ করে চলে আসেন।’
এছাড়া গত ১৫ এপ্রিল অধিবেশন চলাকালে মোবাইল ফোনে কথা বলা ও ছবি তোলা বন্ধ রাখতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম।