অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের নতুন ডেপুটি মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার কাউন্সিল কক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি শপথ নেন। এ সময় কাউন্সিল সদস্যরা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব নেওয়ার পর তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘ডেপুটি মেয়র কেবল পদবি নয়, এটি নাগরিক সেবার বড় দায়িত্ব। এতে কাজের পরিধি ও জবাবদিহি দুটিই বাড়ে। ক্যাম্পবেলটাউন বহু সংস্কৃতির নগরী; এখানে ৭৩টি ভাষার মানুষ বাস করেন। ডেপুটি মেয়র হিসেবে সবার অধিকার ও স্বার্থ রক্ষা করাই আমার প্রধান লক্ষ্য।’

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশের প্রতি সম্পর্ক তুলে ধরে মাসুদ চৌধুরী জানান, ‘জন্ম বাংলাদেশে হওয়ায় নাড়ির টান সব সময়ই থাকবে। স্থানীয় আইন মেনে ক্যাম্পবেলটাউনের আবাসনসংকট নিরসন, পরিকল্পিত উন্নয়ন এবং বিশেষ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা চাই।’

এই নিয়োগ নিয়ে স্থানীয় প্রবাসী সমাজে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিডনির বার্ডিয়ার বাসিন্দা সাজিদুল ইসলাম বিষয়টি নিয়ে মুক্তকণ্ঠকে বলেন, ‘ক্যাম্পবেলটাউনের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে কমিউনিটির প্রতিনিধিকে এই পদে দেখা গর্বের। এই অর্জন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতি ও নেতৃত্বে যুক্ত হতে উৎসাহিত করবে।’