দেশে হামের প্রকোপ আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৩ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া ৪ জনের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৪ জন এবং হাম শনাক্ত হওয়ার পর আরও ৯৯ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৩৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৬৩ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৪৪৭ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন, যাদের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক কোনো তথ্য দেওয়া হয়নি। তবে রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে, যদিও শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময়ে হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হয়, সেগুলোকে হামে মৃত্যু হিসেবেই বিবেচনা করা হয়।