দুদকের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ ছয়জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক মো. জাকারিয়া হোসেন মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ অক্টোবর নতুন দিন ধার্য করেন।

এদিন দুপুর ১২টা ৩০ মিনিটে আদালতকক্ষ প্রবেশের সময় দেখা যায়, আসামি সাহেদ ও তাঁর আইনজীবী একসঙ্গে বিরিয়ানি খাচ্ছেন। এই সময়ে বিচারক এজলাসে উপস্থিত ছিলেন না। পরে আদালতের পেশকার মো. জাহিদুল জানান, সাহেদের আইনজীবী বিচারকের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছিলেন। খাওয়া শেষ হলে দুপুর ১২টা ৪৫ মিনিটে আসামিকে আদালতকক্ষ থেকে বের করে হাজতখানায় নেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১–এর উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ পাটোয়ারী। মামলার বিবরণে উল্লেখ আছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়ন না করা রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, সমঝোতা স্মারক সই ও সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনা মূল্যে পরীক্ষার ব্যবস্থা করেন। ওই হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য রোগীপ্রতি ৩ হাজার ৫০০ টাকা করে মোট ১ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। এছাড়া রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখার চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ও অন্য কর্মকর্তাদের মাসিক খাবার খরচ হিসেবে ১ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার চাহিদা তুলে ধরে এর খসড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়ারও অভিযোগ আনা হয়। ২০২২ সালের ১২ জুন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। বিচার চলাকালে ১৩ জনের মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক। সর্বশেষ চলতি বছর ৫ জানুয়ারি ১২ নম্বর সাক্ষী সাক্ষ্য দেন।

আজ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষী আদালতে হাজির হননি। ফলে দুদকের প্রসিকিউটর মো. নূরে আলম সময় চেয়ে আবেদন করেন। মামলায় কারাগার থেকে আসামি সাহেদকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অপর পাঁচ আসামি আদালতে হাজিরা দেন। তাদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম অন্তর্ভুক্ত।