বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, এদিন সকালে ভারতে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে বেনাপোল বন্দরে পৌঁছান ওই যাত্রী। গাড়ি থেকে নেমেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাসপোর্টের তথ্য অনুযায়ী, মৃতের নাম গৌতম মিস্ত্রি। তিনি পশ্চিমবঙ্গের কলকাতা ৭৮/১, কালিয়ানগর, সুরাইয়া সেন পল্লীর বাসিন্দা এবং রমনী মিস্ত্রির পুত্র। তাঁর ভারতীয় পাসপোর্ট নম্বর T-3361611।

গৌতম মিস্ত্রির স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২ আগস্ট বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তারা বরিশালে আত্মীয়দের বাড়িতে ১২ দিন কাটান। বেড়াতে গিয়ে ভারতে ফেরার জন্য বুধবার সকালে বেনাপোলে পৌঁছান গৌতম মিস্ত্রি। গাড়ি থেকে নামার পরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "একজন ভারতীয় পাসপোর্টধারী যাত্রী বেনাপোল বন্দরে আসার পর মারা গেছেন বলে শুনেছি। তার স্ত্রী আমার দপ্তরে এসেছিলেন। ভারতীয় হাইকমিশন অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র আনার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে। কাগজপত্র নিয়ে এলে ভারতীয় ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ পাঠানোর ব্যবস্থা করা হবে।"