পাবনার ঈশ্বরদীতে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। নিহত যুবকের নাম মেহেদী হাসান আকিব (১৮)। রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদীর মাঝদিয়া এলাকায় তাকে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বুধবার (২ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে নাটোরের লালপুর এলাকায় পথে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।