ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। চেলসির সঙ্গে সাড়ে তিন বছরের সম্পর্ক শেষ করে এই তারকার বিনিময়ে সিটি খরচ করেছে ১২৫ মিলিয়ন পাউন্ড। বর্তমান বিনিময় হারে এটি প্রায় ২ হাজার ৭০ কোটি টাকা। ইংরেজি ফুটবলের যৌথ সর্বোচ্চ দলবদল ফির এই অঙ্কটি নিশ্চিত করেছে ক্লাবটি।
২৫ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ২০৩১ সালের জুন পর্যন্ত ইতিহাদে থাকবেন তিনি। পেপ গার্দিওলা-পরবর্তী সময়ে নতুন করে দল সাজাতে থাকা ক্লাবটি এই কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড়কে নিয়েছে। যদিও এনজোর এই স্থানান্তর নতুন কোনো রেকর্ড গড়েনি, তবে ব্রিটিশ ফুটবলের সর্বোচ্চ ফির রেকর্ড স্পর্শ করেছে। এর আগে ২০২৫ সালে নিউক্যাসল ইউনাইটেড থেকে আলেক্সান্দার ইসাক কিনতে লিভারপুলও একই পরিমাণ ১২৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছিল।
তবে দলবদলের ইতিহাসে এনজো গড়েছেন এক অনন্য মাইলফলক। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দুবার ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে বিক্রি হলেন তিনি। ২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে তাঁকে কিনতে চেলসি ব্যয় করেছিল ১০৬ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড। বর্তমান বিনিময় হারে সেই অর্থ প্রায় ১ হাজার ৭৬৯ কোটি টাকা ছিল।
সিটিতে যোগ দিয়ে এনজো বলেছেন, ‘এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। সিটিকে আরও শিরোপা জেতাতে ভূমিকা রাখার চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।’ ক্লাবটির সাম্প্রতিক সাফল্য ও শক্তিশালী দলবল তার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিটি ফুটবলারই সিটির মতো একটি ক্লাবের অংশ হতে চায় উল্লেখ করে নতুন সতীর্থদের কাছ থেকে শিখে নিজের খেলাকে আরও উন্নত করার লক্ষ্যও জানিয়েছেন তিনি।
ক্লাবটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা এনজোকে ‘পরিপূর্ণ মিডফিল্ডার’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, আর্জেন্টাইন তারকার কৌশলগত দক্ষতা, পরিশ্রম, লড়াকু মানসিকতা ও গোল করার সামর্থ্য সিটির মাঝমাঠকে আরও শক্তিশালী করবে। এই দলবদলের মাধ্যমে কোচ এনজো মারেসকার সঙ্গেও আবার কাজ করার সুযোগ পাচ্ছেন ফার্নান্দেজ। চলতি মৌসুমে চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন ইতালিয়ান কোচ।
চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭০ ম্যাচে ৩১ গোল করেছেন এনজো। ক্লাবটির হয়ে জিতেছেন উয়েফা কনফারেন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। ২০২৫-২৬ মৌসুমে তার গোল ছিল ১৫টি, সঙ্গে সাতটি গোলে অ্যাসিস্ট। জাতীয় দলের হয়েও সাফল্যে ভরা তার ক্যারিয়ার। আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।
এনজোর আগে এই দলবদলের বাজারে অ্যান্ডারসন, আইয়ুব বুয়াদি, অ্যালান এলিয়াস ও ইলিমান এনদিয়ায়েকে দলে নিয়েছে সিটি। সব মিলিয়ে নতুন খেলোয়াড় কিনতে তাদের ব্যয় প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৪৫৪ কোটি টাকা। এর আগে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে কিনতে সর্বোচ্চ ১১৬ মিলিয়ন পাউন্ড, প্রায় ১ হাজার ৯২১ কোটি টাকা ব্যয় করেছিল ক্লাবটি। এক গ্রীষ্মেই দ্বিতীয়বার নিজেদের দলবদলের রেকর্ড ভাঙল সিটি।