জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে দলগুলোর আবাসন এবং সুযোগ-সুবিধা নিয়ে কয়েক দিন ধরেই অনেক প্রশ্ন উঠছিল। তবে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী নাওকি অ্যালেক্স মিয়াজি জানিয়েছেন, ক্রিকেটের দলগুলো নিজেদের পছন্দমতো হোটেলের ব্যবস্থা করতে পারবে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে মিয়াজি বলেন, ‘এসিসি দীর্ঘদিন ধরে আইচি-নাগোয়া এশিয়ান গেমস আয়োজক কমিটির সঙ্গে আবাসনের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে। অংশগ্রহণকারী ক্রিকেট দলগুলোকে হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে। তবে অন্য অনেক খেলার দলকে আরও সীমিত সুযোগ-সুবিধায় থাকতে হচ্ছে। তাদের কেউ ক্রুজ শিপে, আবার কেউ কনটেইনার হোটেলে থাকবেন। এরপরও কোনো দল চাইলে নিজেদের আবাসনের ব্যবস্থা নিজেরাই করতে পারবে।’
জাপানের নাগোয়ার পূর্ব দিকে ছোট শহর নিসশিন। সেখানেই বসবে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট। ভেন্যুর নাম কোরোগি স্পোর্টস পার্ক। কয়েক মাস আগেও সেটি ছিল বেসবল মাঠ। গত মার্চে এটিকে ক্রিকেটের উপযোগী করে তোলা হয়। ক্রিকেটারদের জন্য স্টেডিয়ামে কী ধরনের সুযোগ-সুবিধা থাকবে, সেটিও জানিয়েছেন মিয়াজি, ‘খেলোয়াড়দের এলাকায় (ড্রেসিংরুম) টয়লেটের ব্যবস্থা থাকবে। ভেন্যুতে অস্থায়ী ও স্থায়ী—দুই ধরনের সুবিধা থাকবে। মাঠের ভেতরে সুবিধাগুলো অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে। সীমিত সময় ও ভেন্যুর নানা সীমাবদ্ধতার মধ্যেও ভালো সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আয়োজক কমিটি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল একসঙ্গে কাজ করেছে।’
মিয়াজি যোগ করেন, ‘অস্থায়ী হওয়া সত্ত্বেও এসব খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য যতটা সম্ভব আরামদায়ক হিসেবে এসব সুযোগ সুবিধা দেওয়া হবে। মাঠের আশপাশে কিছু স্থায়ী সুযোগ-সুবিধাও রয়েছে, যেগুলো খেলোয়াড়দের জন্য ব্যবহার করা যাবে।’
এশিয়ান গেমসে ২৪ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ছেলেদের ক্রিকেট ইভেন্ট। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা টুর্নামেন্টের নকআউট পর্ব থেকে যাত্রা শুরু করবে। এই চার দলেরই আবাসন ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে উদ্বেগ ছিল বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। ছেলেদের মতো মেয়েদের ক্রিকেট ইভেন্টের খেলাও হবে কোরোগি স্পোর্টস পার্কে। মেয়েদের ক্রিকেট ইভেন্ট চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
মিয়াজি জানান, মাঠটি প্রস্তুতের জন্য আয়োজকদের হাতে ছিল মাত্র ১৭ মাস। এর আগে সেখানে শুধু ক্রিকেট হয়েছে চলতি বছরের শুরুতে, টি-টুয়েন্টি বিশ্বকাপে পূর্ব এশিয়া-প্যাসিফিক বাছাইপর্ব। মিয়াজির ভাষায়, ‘মাঠটি প্রস্তুত করার জন্য তাদের হাতে মাত্র ১৭ মাস সময় ছিল। একেবারে শূন্য থেকে শুরু করতে হয়েছে।’
মাঠ কেমন হবে, সে ধারণাও দিয়েছেন মিয়াজি, ‘এটি হবে পূর্ণ আকারের মাঠ। মাঠে টার্ফ ও হাইব্রিড পিচ থাকবে। এখানে সেরা কিউরেটররা পিচগুলো তৈরি করেছেন। এ জন্য শ্রীলঙ্কা ক্রিকেটকে কৃতিত্ব দিতে হবে। কম সময় ও সীমিত সুযোগের মধ্যে তাদের কাজ করার সীমাবদ্ধতা ছিল। তবে আমি যতটুকু দেখেছি, এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর এবারই সবচেয়ে ভালো মাঠ ও পিচ দেখা যাবে।’
এবারের এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টের জন্য শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারত মূল দল ঘোষণা করেছে। পাকিস্তানও তাদের মূল দলের অনেককেই খেলাবে, নেতৃত্বে থাকবেন সাহিবজাদা ফারহান। শ্রীলঙ্কা ও বাংলাদেশও পূর্ণশক্তির দল ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। সে কারণেই সুযোগ–সুবিধা নিয়ে আলোচনা একটু বেশি!