বিদেশে যাওয়ার প্রস্তুতি শেষে রাঙামাটির সাজেক ও কক্সবাজার ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার দুই বন্ধু ফিরোজ আহমেদ (২৩) ও মাহী পাটোয়ারী (২৪)। গতকাল মঙ্গলবার ভোরে কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে একজনের ইতালি এবং অন্যজনের কাতারে যাওয়ার কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুই বন্ধু মোটরসাইকেলে করে সাজেক ও কক্সবাজার ঘুরতে যান। ভ্রমণ শেষে গতকাল সকালে তারা কক্সবাজার থেকে কচুয়ার উদ্দেশ্যে রওনা হলে পথে একটি সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহত মাহী পাটোয়ারী কচুয়া উপজেলার রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের মিজানুর রহমান পাটোয়ারীর ছেলে। অন্যদিকে, ফিরোজ আহমেদ একই গ্রামের মনির হোসেনের ছেলে। ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা এই বন্ধুদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মাহী পাটোয়ারী চার ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ। তার ইতালি যাওয়ার কথা ছিল দুই মাস পর। আর পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয় ফিরোজ আহমেদের ৩০ সেপ্টেম্বর কাতার যাওয়ার নির্ধারিত সময় ছিল।

আজ বুধবার কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মাহীর বাবা মিজানুর রহমান পাটোয়ারী আক্ষেপ করে বলেন, ছোটবেলা থেকেই তাঁর ছেলে ও ফিরোজ একসঙ্গে বড় হয়েছে। মারাও গেল একসঙ্গে।