নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মালবাহী কন্টেইনার ট্রাকের ধাক্কায় ভবনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর অনুসারীদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার রামারবাগ এলাকায় আলতাফ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে অন্তত ২৪টি ঘরের দরজা-জানালার কাচ ভেঙে তছনছ করা হয় এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয় বলে দাবি পরিবারের। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী সিউলী বেগম জানান, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক (তার ভাগিনা) মোমিন হোসেনের বাড়ির সামনের অংশ দিয়ে যাওয়ার সময় ‘সুপার স্টার’ কোম্পানির প্রায় ১৫ টন মালামাল বোঝাই একটি কন্টেইনার ট্রাক ভবনের পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে বাড়ির পিলার ও সিঁড়িসহ ভবনের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিপূরণ দাবি করা নিয়ে বিএনপি নেতা রুহুল আমিন শিকদারের সঙ্গে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

মোমিন হোসেন মুক্তকণ্ঠকে বলেন, ‘হাতাহাতির ঘটনার প্রায় এক ঘণ্টা পর রিয়াদ মোহাম্মদ চৌধুরীর উপস্থিতিতে কয়েকশ লোক এসে আমার মামার বাড়িতে নারকীয় হামলা চালায়। ১২ বছর ধরে কোচিং করিয়ে অর্জিত উপার্জনে এই বাড়িটি করেছি। আমি এই হামলার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ চাই।’

অভিযোগের বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, ‘থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার ও সহ-সাধারণ সম্পাদক আনিসের ওপর হামলার খবর পেয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। মব পরিস্থিতি শান্ত রাখতেই সবাইকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ভাঙচুরের ঘটনা ঘটে থাকলে তা ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত করা যাবে।’

অন্যদিকে, রুহুল আমিন শিকদার মুক্তকণ্ঠের সঙ্গে সরাসরি কথা না বললেও এক হোয়াটসঅ্যাপ বার্তায় জানান, ‘আমাকে মব সৃষ্টি করে হত্যার চেষ্টা করা হয়েছিল।’

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন মুক্তকণ্ঠকে জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মারামারির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’