হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক শিশুর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। টিকা সংগ্রহ ও সরবরাহে গাফিলতির অভিযোগ তুলে শিশুটির পিতা দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনকারীর আইনজীবী মো. জুয়েল আজাদ জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণসচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সমাজকল্যাণসচিব, ঢাকার জেলা প্রশাসক এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ সকল বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৫ জুলাই শিশুটির বাবা মো. শাকিল হামের টিকা সংগ্রহ, সংরক্ষণ, সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করতে ব্যর্থতা এবং ঐ কারণে শিশু মো. সাফোয়ান ইসলাম জাহিনের মৃত্যুর অভিযোগ তুলে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে রিটটি দায়ের করেন। ৭ মাস ৩ দিন বয়সী শিশুটি গত ২৬ মে শ্যামলী বেবি কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জুয়েল আজাদ। রাষ্ট্রপক্ষে বিষয়টি শুনেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস।
আইনজীবী জুয়েল আজাদ আদালতে যুক্তি দেখান, অন্তর্বর্তী সরকারের সময়কাল (২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি) টিকা সংগ্রহের স্বাভাবিক প্রক্রিয়া বিলম্বিত ও ব্যাহত হয়। তিনি মুক্তকণ্ঠকে বলেন, যেহেতু তখন ড. মুহাম্মদ ইউনূস সরকারপ্রধান ছিলেন, সে জন্য টিকা প্রদান কর্মসূচি স্বাভাবিক রাখা তাঁর দায়িত্ব ছিল। সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী চিকিৎসাসহ মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব রাষ্ট্র এড়াতে পারে না। এরপরই রিটটি দায়ের করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।