রাজশাহীর পুঠিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও প্রয়োজনীয় তথ্যবিহীন মোড়কযুক্ত খাবার সরবরাহের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে নিউ হিরা অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে মেয়াদ শেষ হওয়া পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উৎপাদিত কেকের মোড়কে ওজন, উপাদান ও মেয়াদ উল্লেখ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও প্রদর্শনের অভিযোগে হুমাইদ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, জনস্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের গুণগত মান ও মূল্যসংক্রান্ত অনিয়ম প্রতিরোধে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে।