শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আগামীতে খুলনাকে দেশের অন্যতম শিক্ষানগরী ও শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে। তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে খুলনা নগরীর শিববাড়ী মোড়ের জিয়া হল চত্বরে অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই পরিকল্পনার কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষ প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে এবং খুলনা বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। এর পাশাপাশি নগরীতে একটি নতুন বিমানবন্দর ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও বাজেট বৃদ্ধির মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ড্রেস ও মিড-ডে মিল চালুসহ শিশুদের সামগ্রিক বিকাশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

শিল্পায়ন ও বিনিয়োগ নিয়ে তিনি বলেন, বন্দরনগরী খুলনায় নতুন করে শিল্পায়ন ঘটলে তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নগরীর উন্নয়নে মাদকবিরোধী কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সকলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বৃষ্টির মধ্যেও কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানান। দুপুর তিনটা থেকে শুরু হওয়া মিছিল ও সমাবেশে বিকেল থেকে নামা ভারী বৃষ্টির কারণে বিকেলের কর্মসূচিতে বিঘ্ন ঘটে। পরবর্তীতে নির্ধারিত আনন্দ মিছিল ও র‌্যালি অতিবৃষ্টির কারণে বাতিল করা হয়।

সমাবেশে মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। বিশেষ বক্তা ছিলেন দলটির নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, আমির এজাজ খান এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পিসহ দলের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।