গাইবান্ধা জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন দলের ইতিহাসে কোনো কলঙ্ক নেই বলে দাবি করেন। তিনি বলেন, "বিএনপির রাজনীতিতে কালো দাগ নেই। কারণ বিএনপির অবস্থান সব সময় দেশের মানুষের জন্য ছিল, আগামীতেও থাকবে। ৭১, ৯০, ২৪-এ সব দলের নেগেটিভ অবস্থান ও ভূমিকা ছিল কিন্তু বিএনপি সবসময় পজিটিভ অবস্থান ও ভূমিকা পালন করেছে।"

সমাবেশে বর্তমান সরকারের কর্মকাণ্ড ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, "জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। পুরো ১৭ বছর ক্ষমতাচ্যুত সরকার দেশটার অর্থনীতি ধ্বংস করে গেছে। সব সমস্যা সমাধান হয়ে যাবে, ধৈর্য ধরে একটু সময় দিতে হবে।"

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নির্বাচনী প্রস্তুতির বিষয়েও নির্দেশনা দেন। তিনি বলেন, "সামনে স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধ হতে হবে। ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সব ধরনের ভেদাভেদ ভুলে জয় ছিনিয়ে আনতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী এমপি মমতাজ আলো, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ এবং যুবদলের সভাপতি রাগীব হাসার চৌধুরীসহ দলের অন্যতম নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ইসলামি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। জেলার সাত উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই শোভাযাত্রায় ব্যাপক অংশগ্রহণ করেন.