বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল ফিক্সিংয়ের তদন্তে দুর্নীতির অভিযোগে সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। একই সাথে আরও দুই ব্যক্তির বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিসিবির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তে সানির বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা, ২০২৪-এর দুটি ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। তিনি এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইসিসির ২.৪.৪ ধারা অনুযায়ী দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট প্রস্তাব বা আমন্ত্রণের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া ২.৪.৬ ধারা অনুসারে সম্ভাব্য দুর্নীতিমূলক কর্মকাণ্ডের তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর জন্যও তাকে দায়ী করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, চার্জের নোটিশ পাওয়ার পর অভিযোগের জবাব দেওয়ার জন্য রাকিবুল ইসলাম সানিকে আগামী ১৪ দিন সময় দেওয়া হয়েছে। একই বিজ্ঞপ্তিতে বিপিএল ফিক্সিংয়ের অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে বিসিবির পরিচালক মোখলেসুর রহমান শামীম এবং সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসাইনের নামও উল্লেখ করা হয়েছে।