আবারও রেকর্ড গড়লেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে অপরাজিত ৩৫০ রানের ইনিংস খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন তাঁর। পচেফস্ট্রুমে ট্রিপল সেঞ্চুরির মধ্য দিয়েই বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি।

এত দিন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩৩৪ রান ছিল তামিম ইকবালের। ২০১৯ সালের বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে মিরপুরে এই কীর্তি গড়েছিলেন তিনি। পচেফস্ট্রুমে সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যান হৃদয়। তিনি ৩৫০ রানে অপরাজিত থাকাকালীনই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল।

গতকাল সাইফউদ্দিন আউট হওয়ার পর দিনের খেলা শেষ হয়। হাতে থাকা ৪ উইকেট নিয়ে আজ শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। দিনের শুরুতেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা। অষ্টম উইকেট পড়ার সময় হৃদয়ের রান ২২৫। সেখান থেকে তাঁকে দারুণ সঙ্গ দেন রেজাউর রহমান। রেজাউরকে নিয়েই ইনিংস ঘোষণা পর্যন্ত টেনেছেন হৃদয়। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৭৬ রান করে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ ‘এ’ দল। ৪৮১ বল খেলা হৃদয় ৩৫০ রান আর ১১০ বল খেলা রেজাউর ৩১ রানে অপরাজিত থাকেন।

১৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। তবু বাংলাদেশের জয়ের সম্ভাবনা অবশ্য তেমন নেই। দক্ষিণ আফ্রিকাকে অলআউট করতে বোলারদের হাতে পুরো এক সেশনও নেই।