মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন। গতকাল সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর নামে পাঠানো এক চিঠির মাধ্যমে তিনি এই ইঙ্গিত দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এর জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাসী। এছাড়া তিনি বাংলাদেশের মানুষের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একইসঙ্গে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহ ও মনোযোগের কথা তিনি সর্বদা স্মরণ রাখবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়.