ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্ত্রীকে নিয়ে তিনি উত্তর জনপদের এই ঐতিহ্যবাহী স্থানে পৌঁছান।

আকচা এলাকায় অবস্থিত বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা জাদুঘরটিতে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। পরে জাদুঘরের ইতিহাস, গ্রামীণ জীবনযাপন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নদী-পরিবেশ ও মুক্তিযুদ্ধ সংরক্ষণের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

রাষ্ট্রদূত ও তার স্ত্রী কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, লোকজ খেলনা, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, জীবনঘনিষ্ঠ বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ গ্যালারিগুলো ঘুরে দেখেন। বিশেষ করে প্রায় ২৫০ প্রজাতির উদ্ভিদ নিয়ে গড়া ‘জীবন্ত বৃক্ষ গ্যালারি’ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও দলিলপত্র তাদের দৃষ্টি আকর্ষণ করে।

পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, "এখানে এসে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও জীববৈচিত্র্য জানার এক চমৎকার সুযোগ হলো। গ্রামীণ জীবনধারা ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।"

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, "এই পরিদর্শনের মাধ্যমে উত্তরাঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন রূপ লাভ করবে এবং তাঁদের সংরক্ষণ উদ্যোগে নতুন উদ্দীপনা জোগাবে।"

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমানসহ অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন।