দেশের বৃহত্তম প্রযুক্তি বাজার বিসিএস কম্পিউটার সিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী এক বিশেষ উৎসব। ‘সিটি আইটি অ্যানিভার্সারি ফেস্ট ২০২৬’ শীর্ষক এই আয়োজনটি আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উল্লেখ্য, ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর বিসিএস কম্পিউটার সিটি প্রতিষ্ঠিত হয়।

১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই উৎসবটি দুটি ধাপে পরিচালিত হচ্ছে। প্রথম ধাপে ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় আটটি প্রযুক্তি ব্র্যান্ড তাদের সর্বাধুনিক পণ্য নিয়ে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে ডাহুয়া, ডিপকুল, এফঅ্যান্ডডি, গিগাবাইট, আইমু, ম্যাক্সসান, পিসি পাওয়ার ও টিপি-লিংক।

উৎসবের আহ্বায়ক মশিউর রহমান বলেন, “বিসিএস কম্পিউটার সিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব আয়োজন করতে পেরে আমরা রোমাঞ্চিত। উৎসবের প্রতিদিনই কুইজ প্রতিযোগিতা, সরাসরি লটারির ড্র আয়োজনের পাশাপাশি মেগা গিফট হ্যাম্পারের হালনাগাদ তথ্য জানা যাবে। এই উৎসবে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

আয়োজকদের মতে, প্রযুক্তিপ্রেমী ও ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যের প্রদর্শনের পাশাপাশি বিশেষ সুবিধা ও আকর্ষণীয় আয়োজন রাখা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে বিসিএস কম্পিউটার সিটির বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারণা চালাচ্ছে। আগামী ১১ সেপ্টেম্বর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। এরপর ১২ থেকে ১৯ সেপ্টেম্বর চলবে উৎসবের দ্বিতীয় ধাপ, যেখানে আরও ৮টি প্রযুক্তি ব্র্যান্ড অংশ নেবে।

আয়োজকদের প্রত্যাশা, ১৯ দিনের এই আয়োজনের মাধ্যমে প্রযুক্তিপ্রেমীদের মাঝে নতুন আগ্রহ তৈরি হবে এবং ক্রেতা ও বিক্রেতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একইসঙ্গে দেশের প্রযুক্তিপণ্যের বাজারে এই উৎসব নতুন মাত্রা যোগ করবে।