দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি এই প্রাচীন পুরাকীর্তিতে পৌঁছান। পরিদর্শন শেষে স্মৃতি হিসেবে মন্দির প্রাঙ্গণে ‘ক্রিসমাস’ নামের একটি গাছ রোপণ করেন তিনি।

মন্দিরে পৌঁছানোর পর ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারীরা প্রথাগত নৃত্য এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বলন ও আরতি অনুষ্ঠানে অংশ নেন। টেরাকোটা শিল্পের অনন্য নিদর্শন সমৃদ্ধ কান্তজিউ মন্দিরের ইতিহাস, স্থাপত্যশৈলী এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত অবহিত হন মার্কিন রাষ্ট্রদূত। কান্তজিউ মন্দির দেখার পর তিনি ঐতিহাসিক নয়াবাদ মসজিদটিও ঘুরে দেখেন।

এই পরিদর্শনে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ এবং রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।